spot_img

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় ছেলেকে অ্যাফিডেভিটের মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন বাবা।

সম্প্রতি নেত্রকোনায় এমন ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের সাতপাই এলাকার বাসিন্দা মীর মো. আব্দুল মালেক গত ৬ মার্চ নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিট (নং–৩১০) করে তার ছেলে মীর মো. সাজেদুর রহমান ছোটনকে ত্যাজ্য ঘোষণা করেন। নেত্রকোনা জেলা জজ আদালতের আইনজীবী মো. আজিজুল হকের মাধ্যমে এই অ্যাফিডেভিট সম্পন্ন করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, ছোটন কৈশোর থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। অন্যদিকে তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে রাজনৈতিক মতবিরোধের জেরে বেশ কিছুদিন ধরে পরিবারে সঙ্গে তিক্ত সম্পর্ক চলছিল।

অ্যাফিডেভিটে আব্দুল মালেক উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলেও তার ছেলে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংগঠনটির রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিষয়টি জানার পর তিনি ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। সেইসঙ্গে ভবিষ্যতে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার তিনি নেবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেন।

এ বিষয়ে আব্দুল মালেক বলেন, অনেক চেষ্টা করেও ছেলেকে ছাত্রলীগের রাজনীতি থেকে ফেরাতে পারিনি। তাই তার মঙ্গলের কথা ভেবেই তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি।

অন্যদিকে সাজেদুর রহমান ছোটন জানান, পরিবারের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে প্রায় তিন বছর ধরেই তিনি পরিবার থেকে আলাদা। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ করার কারণে গত আগস্ট মাসে তার বাবা তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। তবে পরিবার সম্পর্ক ছিন্ন করলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে সরে দাঁড়াবেন না বলেও জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ