ইরানকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যারা ইরানের হাসপাতাল, স্কুল ও বেসামরিক মানুষের ওপর হামলা চালায়, তারাই আবার ইরানকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পেজেশকিয়ান।
তিনি বলেন, “তারা আমাদের সন্ত্রাসী বলে। অথচ তারাই মানুষ হত্যা করে, বিজ্ঞানীদের ওপর বোমা ফেলে এবং স্কুল ও হাসপাতালে হামলা চালায়।”
যুদ্ধের শুরুতে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে পেজেশকিয়ান বলেন, যারা নিজেদের মানবাধিকারের রক্ষক দাবি করে, তারাই শিশুদের হত্যা করছে।
তিনি আরও বলেন, “যদি সাহস থাকে, তাহলে সৈন্য ও সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধ করুন। কেন মানুষের অবকাঠামো ও জীবিকা লক্ষ্যবস্তু করছেন?”
ইরান কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না বলেও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের জনগণ নিজেদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িয়ে থাকবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক হামলা শুরু করে আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইল। এরপর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
সূত্র : রয়টার্স












