spot_img
spot_imgspot_img

জাতীয় জাদুঘরে শুরু হলো ‘আর্ট অব ফেইথ প্রদর্শনী ২০২৬’

শিল্প, বিশ্বাস, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘আর্ট অব ফেইথ প্রদর্শনী ২০২৬’। ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে দেশ-বিদেশের প্রায় ২০০ শিল্পী ও সংগঠক যুক্ত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীটি শুরু হয়। এটি চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’ ভাবনাকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে ইসলামী ক্যালিগ্রাফি, চিত্রকলা, রেজিন শিল্প, টেক্সচার শিল্প, মিশ্র মাধ্যম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

আয়োজকদের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের পাশাপাশি প্রবাসী শিল্পীরাও এবারের আয়োজনে অংশ নিয়েছেন। প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে নবীন ও উদীয়মান শিল্পীদের শিল্পকর্মও প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পী, সংগঠক ও অংশগ্রহণকারী মিলিয়ে প্রায় ২০০ জন এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন।

বিশেষ অতিথি শিল্পী হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিচ্ছেন সংস্কৃতি ও শিল্পবিষয়ক প্রতিষ্ঠান ‘কালচার টু আর্ট অব ইন্ডিয়া’র পরিচালক গৌরী ইউসুফ হুসেন।

আয়োজকরা জানান, ‘আর্ট অব ফেইথ’ কেবল একটি শিল্প প্রদর্শনী নয়। বিশ্বাস, সৌন্দর্য, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতাকে কেন্দ্র করে শিল্পী ও দর্শকের মধ্যে অর্থবহ সংলাপ তৈরির একটি উদ্যোগ এটি।

ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, শিল্প মানুষের চিন্তা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের একটি শক্তিশালী ভাষা। এ প্রদর্শনীর মাধ্যমে বিশ্বাস ও সৃজনশীলতার মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করতে চান তারা।

প্রদর্শনীর উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রদর্শনী পরিদর্শন করা যাবে।

শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পানুরাগী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের দর্শনার্থীদের প্রদর্শনী পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ