spot_img
spot_imgspot_img

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

ওই দিন সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে নেতাকর্মীরা জমায়েত হবেন। সকাল ৮টায় সেখান থেকে লংমার্চ শুরু হবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। রংপুর জেলা স্কুলে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচির কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

হামিদুর রহমান আজাদ বলেন, জনগণ যা চায়, তাদের পক্ষ হয়ে দাবি আদায়ে বিরোধী দল মাঠে নেমেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ওই কর্মসূচিতে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া মিলেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথমে তাদের ছয় দফা দাবি ছিল। পরে চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টি যুক্ত হওয়ায় দাবি সাত দফায় পরিণত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বৈঠকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি আগামী ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ