বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে ভবিষ্যতে মালদ্বীপের একজন প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এই পদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ছিলেন। দুর্নীতির অভিযোগের মুখে গত সপ্তাহে তিনি পদটি থেকে পদত্যাগ করেন। আগামী জানুয়ারিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সায়মা ওয়াজেদের নিয়োগকে ত্রুটিপূর্ণ দাবি করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই পদে নিয়োগ পাওয়ার মতো তার যথাযথ অভিজ্ঞতা ছিল না।
তিনি বলেন, “এই ধরনের সংস্থাতে তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক। তার কোনো ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না।”
সায়মা ওয়াজেদের বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, “তার ব্যাপারে এটা সারপ্রাইজিং না। এই অ্যাপয়েন্টমেন্টটাও ক্রুটিপূর্ণ ছিল। ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনো রকম হয়ে গেছে। এগুলো তো বের হয়ে আসবেই।”
এরপর তিনি শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “শেখ মুজিব সাহেবের পরিবারের সবগুলা লোক কেমন দুর্নীতির দুর্গন্ধে… মানুষ এদেরকে প্রত্যেক জায়গায় আইডেন্টিফাই করতে পারছে।”
ডব্লিউএইচওর মতো একটি আন্তর্জাতিক সংস্থায় এ ধরনের নিয়োগ দেওয়া লজ্জাজনক বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।
তিনি আরও বলেন, “ইট ইজ অলসো এ শেইম ফর অ্যা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দে শুড নট অ্যাপয়েন্ট পিপল অন দি গ্রাউন্ড অফ জাস্ট সিম্পলি বিং কানেক্টেড টু এ ফ্যামিলি রেজিম। আই থিঙ্ক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অলসো নিড টু টাইটেন দেয়ার প্রসেসেস।”












