spot_img
spot_img

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চাইলে ভারতকে হাসিনাসহ অন্যদের ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সহজ করতে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা সাজা হয়েছে, তাদের ফেরত দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের জন্য শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশে ফেরত আনার বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারত সরকার বাংলাদেশের এ সংবেদনশীলতার বিষয়টি উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় শেখ হাসিনা ও অন্যদের বাংলাদেশে ফেরত আনার বিষয়ে বাংলাদেশের অবস্থানও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনাকে চাইছি, ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইবো না কেন? যারা যেখানে আছেন এবং যাদের অবস্থান সম্পর্কে আমরা জানি, সংশ্লিষ্ট দেশের কাছে নিশ্চয়ই তাদের চাওয়া হবে।’

এদিকে গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কোনো ব্যক্তির প্রতি সরকারের অনুরাগ বা বিরাগ নেই। মামলাটি সম্পূর্ণ আদালতের বিষয় এবং এটি আদালতের নিজস্ব গতিতেই চলবে।

জাহেদ উর রহমান আরও বলেন, ব্যাটারিচালিত রিকশায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া বন্ধে ৩১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর অধীনে ১১ হাজার ১৮৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ