spot_img
spot_img

সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই স্থানীয় নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী সরকারের সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট নিরসন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সম্ভাব্য সূচি দিয়েছে, তা চূড়ান্ত নয়। বিষয়টি গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

তিনি বলেন, সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। আর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট স্থানীয় সরকার আইন অনুযায়ী।

সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের বিষয় রয়েছে। নির্বাচন কমিশন যে সম্ভাব্য সময়সূচি দিয়েছে, সেটিকে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।

তিনি জানান, নির্বাচন কমিশন আগামী ১৭ সেপ্টেম্বর একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা অংশ নেবেন। ওই সভার সিদ্ধান্তের আলোকে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল সাজাবে কমিশন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সে পর্যন্ত আমরা অপেক্ষা করি।”

এদিকে ঢাকা শহরের উন্নয়নকাজের কারণে সৃষ্ট যানজট ও জনভোগান্তি কমাতে বিভিন্ন সংস্থার কাজের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এক সংস্থা রাস্তা খোঁড়ার পর যেন আরেক সংস্থা আবার একই জায়গায় খোঁড়াখুঁড়ি না করে, সে জন্য উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্ষা মৌসুমে অপ্রয়োজনীয় খোঁড়াখুঁড়ি এড়িয়ে চলা এবং বিভিন্ন সংস্থার কাজ একসঙ্গে পরিকল্পিতভাবে সম্পন্ন করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। আগামী ১৫ দিন পর এ বিষয়ে আবারও সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ