spot_img
spot_img

ইসরাইলি হামলায় কাসসাম ব্রিগেড কমান্ডার নায়েল আবু উবাইদ শহীদ

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেড কমান্ডার নায়েল আবু উবাইদ দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো এক হামলায় তিনি শহীদ হন। ফিলিস্তিনি সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। পরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ তাকে হত্যার দাবি করেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় নায়েল আবু উবাইদকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।

নায়েল আবু উবাইদ আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। এর আগে ব্রিগেডটির কমান্ডার ছিলেন মুহাম্মাদ শাবানা। যুদ্ধ চলাকালে তার পর রাফাহ অঞ্চলে কাসসামের গুরুত্বপূর্ণ এই সামরিক ইউনিটের নেতৃত্ব গ্রহণ করেন আবু উবাইদ।

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ যৌথ বিবৃতিতে নায়েল আবু উবাইদকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানান। পরে কাটজ দাবি করেন, অভিযান সফল হয়েছে এবং রাফাহ ব্রিগেডের কমান্ডারকে হত্যা করা হয়েছে।

ইসরাইলি পক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গাজ্জায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, চলতি সপ্তাহেই হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে অন্তত চারটি হত্যাকাণ্ড চালিয়েছে ইসরাইলি বাহিনী।

এর আগে আল-কাসসামের খান ইউনিস ব্রিগেড কমান্ডার মুহাম্মাদ আবদুস সালাম আল-ইয়াজুরি এবং উত্তর গাজ্জার জাবালিয়া ব্যাটালিয়নের এক কমান্ডারকে হত্যা করা হয়। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের একটি ইউনিটের কমান্ডারকেও হত্যার দাবি করেছে ইসরাইল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজ্জায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অব্যাহত হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি শহীদ ও আহত হয়েছেন। একই সঙ্গে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অবরুদ্ধ উপত্যকাটির ঘরবাড়ি ও অবকাঠামো।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ