জনগণের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন ৭০ ভাগ মানুষ। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে, এই বিএনপিই করতে বাধ্য হবে। পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে। সরকারকে আমরা বলে দিচ্ছি, আজকে ৮ দফা দাবিতে নেমেছি জনগণের জন্য। জনগণের প্রয়োজনে ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে আমাদের লংমার্চ শুরু হয়েছে। আমাদের এই লংমার্চ জনগণের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার দাবিতে, ইন্ডাস্ট্রির চাকা ঘোরানোর দাবিতে, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে, পানির অভাবে হাহাকার করা মানুষের দুঃখ দূর করার দাবিতে, রাস্তা-ঘাট, হাট-বাজার, টেম্পু স্ট্যান্ডে সর্বত্র চাঁদাবাজি বন্ধ করার দাবিতে। আমাদের এই লংমার্চ দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশকে দুর্নীতিমুক্ত করার দাবিতে। আমাদের লংমার্চ আধিপত্যবাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, তা থেকে উত্তরণের দাবিতে আমাদের এই লংমার্চ।
উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, এগুলো আপনাদের দাবি কি না। আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় দাবি নিয়ে নামিনি। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।











