spot_img
spot_img

সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে: ডা শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, লড়াই হবে, লড়াই হবে, সকল দুঃশাসনের বিরুদ্ধে লড়াই হবে ইনশাল্লাহ। সেই লড়াইয়ে জনতার বিজয় হবে। আমরা বলেছি আমাদের ৬ দফা এখন ৮ দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজনে দফা বাড়তে পারে। আবার জনগনের প্রয়োজনে সকল দফা বিলুপ্ত ঘোষণা করে এক দফা ঘোষণা দেওয়ার প্রয়োজন হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা শফিকুর রহমান বলেন, দুঃশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি, এ লড়াইয়ে আপনারা থাকবেন। এ লড়াই কার জন্য, জনগণের জন্য, ১৮ কোটি মানুষের জন্য, সেই লড়াইয়ের আওয়াজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আপনাদের দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা কেন জনগণকে অপমান করতে গেলেন। ৭০ ভাগ লোকের ভোটের রায়কে আপনারা কেন সম্মান করলেন না। কেন, যে ১৪ শ মানুষের জীবন ও রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসলেন, কেন তাদের সাথে আপনারা বেইমানি করলেন। কেন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেননি।

তিনি আরো বলেন, আপনারা কথা দিয়েছিলেন কোন জায়গায় অনির্বাচিত কাউকে এই দেশ শাসন করতে দেয়া হবে না। জাগায় জাগায় আপনারা প্রশাসক বসিয়েছেন। আপনারা জাতির সাথে ধোঁকাবাজি করেছেন। আপনারা জাতির সাথে কথা দেয়ার একটা কথাও রক্ষা করেন নাই। এই জাতি আপনাদের কাছে এই কার্ড সেই কার্ড এইগুলা চায় না। এই কার্ড গুলোর কথা আপনারা বলেছিলেন জাতিকে দিবেন। জাতি যা চেয়েছিল তা আপনারা জাতিকে দিতে পারেননি, আপনারা ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার ৮ দফা দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে দেশবাসী লংমার্চ পালন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ