spot_img
spot_img

কুনার-পাকতিকায় বিমান হামলা, পাকিস্তানি কূটনীতিককে তলব আফগান সরকারের

আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার প্রতিবাদে কাবুলে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাঁর হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে চালানো বিমান হামলার পর এ কূটনৈতিক পদক্ষেপ নেয় আফগান সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরিয়ানা নিউজ জানিয়েছে, পাকিস্তানের বিমান হামলাকে আফগানিস্তানের আকাশসীমা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বেসামরিক এলাকা ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ তুলেছে মন্ত্রণালয়।

পাকিস্তানি কূটনীতিককে দেওয়া প্রতিবাদপত্রে এসব হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দেশটির অভ্যন্তরে সংঘটিত বিভিন্ন নিরাপত্তা ঘটনার সঙ্গে আফগান ভূখণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রণালয় এসব দাবিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা প্রতিষ্ঠায় এ ধরনের অভিযোগ ব্যবহার করা উচিত নয়। অন্য দেশকে দায়ী করার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সংকটের মূল কারণ চিহ্নিত করে সেগুলোর সমাধান করা।

দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুনার ও পাকতিকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

একই সঙ্গে আফগান ভূখণ্ডে ভবিষ্যতে এ ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ