spot_img
spot_img

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের স্ত্রীদের জন্য এ প্রাতরাশের আয়োজন করা হয়েছে।

দিনের কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিলস-আইমের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সন্ধ্যায় আমেরিকার প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ