তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রায় ১৮ কোটি মানুষের দেশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুলসংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্য খাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও সুসংহত করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঐক্য ও পারস্পরিক সংহতি ছাড়া কোনো পেশাগত সমস্যা টেকসইভাবে সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্ট সবাইকে পেশাগত ঐক্য বজায় রাখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।











