spot_img
spot_img

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে স্বীকার করতে হবে: গোলাম পরওয়ার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এই ব্যর্থতা সরকারকে অবশ্যই স্বীকার করতে হবে। জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর ফলে ইতোমধ্যে সব খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে এবং দেশের মানুষকে দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র কোনো দোকান নয়, এখানে লাভ-ক্ষতির চিন্তা কেন করতে হবে? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে জনগণের দুর্ভোগ লাঘব করাই সরকারের মূল দায়িত্ব। সরকারের মন্ত্রী-এমপিরা বলছেন, এই খাতে এত ভর্তুকি, অমুক খাতে এত ভর্তুকি, এত ক্ষতি, এত লোকসান। আমাদের কথা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় ভর্তুকি দিতে হলে দেবেন। এখানে লাভ-ক্ষতির চিন্তা কেন করতে হবে? কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, গত ছয় মাসে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম তিনবার বৃদ্ধি পেয়েছে। এতে পরিবহন থেকে শুরু করে কৃষি, উৎপাদন, বিপণন ও বিক্রয়সহ সব খাতে প্রভাব পড়ছে। লিটারপ্রতি ২০ টাকা শুনতে কম মনে হলেও প্রকৃত অর্থে অর্থনীতিতে এর প্রভাব বিরাট। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চলছে এবং চলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ