spot_img
spot_img

চাঁদা বা ঘুষ চাইলে থানায় সোপর্দ করবেন : ধর্মমন্ত্রী

মুরাদনগরে সড়ক উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি ও ঘুষ বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে তাকে থানায় সোপর্দ করতে অথবা বিষয়টি সরাসরি তাকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ঠিকাদারদের উদ্দেশে বলেন, সড়কের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হবে। মুরাদনগরে কাজ করতে কাউকে চাঁদা বা ঘুষ দিতে হবে না। তিনি মুরাদনগরকে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়নকাজের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর মুরাদনগরের বিভিন্ন সড়ক সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কারকাজ শুরু হওয়াও বর্তমান সরকারের উদ্যোগে সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া চান কায়কোবাদ।

নিজেকে জনগণের সেবক উল্লেখ করে কায়কোবাদ বলেন, তিনি নিজেকে মন্ত্রী হিসেবে নয়, জনগণের ‘কামলা’ হিসেবে দেখতে চান। আজীবন মানুষের সেবা করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের সড়কের উন্নয়নকাজে সহযোগিতা করার আহ্বান জানান। সড়কটি ভালোভাবে নির্মিত হলে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুরাদনগরে নতুন সড়ক নির্মাণ ও পুরোনো সড়ক সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ধর্মমন্ত্রী। তিনি অন্যায়, মাদক ও দুর্নীতিমুক্ত এবং সাধারণ ও দরিদ্র মানুষের অধিকার নিশ্চিত হয় এমন মুরাদনগর গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ