spot_img
spot_img

সংবিধান সংশোধনের পর আবারও গণভোট করবে সরকার: বিশেষ কমিটি

সংবিধান সংশোধনী সংসদে পাস হওয়ার পর আবারও গণভোট আয়োজন করবে সরকার। তবে যেসব সংশোধনের ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, সেসব বিষয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সংশোধনী বিল সংসদে পাস হওয়ার পর যেসব পরিবর্তনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে, সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটে পাঠানো হবে। গণভোটে পক্ষে ভোট পড়লে সংশোধনী অনুমোদিত হবে এবং এরপর রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।

তিনি জানান, জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সরকারের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দেওয়া যেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

বিশেষ কমিটির প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে সংসদে উপস্থাপনের লক্ষ্য রয়েছে। এরপর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধনী বিল তৈরি করা হবে। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে।

গণভোটের আওতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানসহ আরও দুটি অনুচ্ছেদকে গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো সংসদ এসব বিধান পরিবর্তন করতে চাইলে জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখার প্রস্তাবও রয়েছে।

বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল কমিটিতে যোগ দিলে তাদের স্বাগত জানানো হবে। তাদের মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা করে গ্রহণযোগ্য বিষয়গুলো ঐকমত্যের ভিত্তিতে বিবেচনা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ