প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, আজকের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। মূলত সৌজন্য সাক্ষাৎ ও দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।
ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করে তিনি বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। এ ছাড়া বাংলাদেশের মানুষের প্রতিও ইতিবাচক মনোভাবের কথা জানান তিনি।
এর আগে জুলাইয়ে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের কথা জানানো হয়েছিল। সে সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, আমন্ত্রণটি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে।











