কান্দাহারের আইনো মিনায় আফগান-তুর্ক স্কুল উদ্বোধনকালে আফগানিস্তানে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে তুরস্কের মারিফ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রধান আহমেদ তোকুর বলেন, আফগানিস্তানের বিপুলসংখ্যক মানুষ তুরস্কের মারিফ ফাউন্ডেশনের দেওয়া শিক্ষা সেবায় সন্তুষ্ট।
আহমেদ তোকুর আরও বলেন, “২০১৮ সালে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় আফগান-তুর্ক মারিফ ফাউন্ডেশনের ৩৪টি প্রদেশেই শিক্ষা কার্যক্রম চালু করার কথা রয়েছে। আমরা প্রয়োজন, চাহিদা ও সুযোগ যাচাই করে সেই অনুযায়ী কার্যক্রম চালু করব।”
কান্দাহারের আফগান-তুর্ক স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ নোমান বলেন, “আমি ভবিষ্যতে হৃদরোগ বিশেষজ্ঞ হতে চাই। এ কারণেই এখানে আমার পড়াশোনা শুরু করেছি।”
স্কুলটির আরেক শিক্ষার্থী নাজির আহমদ বলেন, “আমার লক্ষ্য ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হওয়া, যাতে আমি আমার দেশের মানুষের সেবা করতে পারি। ইনশাআল্লাহ, আমি এই লক্ষ্য অর্জন করব।”
কান্দাহারের বাসিন্দারা দক্ষিণ আফগানিস্তানেও উচ্চশিক্ষা কার্যক্রম চালুর জন্য তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
কান্দাহারের গোত্রীয় প্রবীণ সিদ্দিক মোহমান্দ বলেন, “আমি আফগানিস্তানে আফগান-তুর্ক ফাউন্ডেশনের প্রধানের কাছে অনুরোধ করছি, আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আইনো মিনা, কান্দাহার অথবা কান্দাহার শহরের অন্য কোনো এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করুন। এটি আফগানিস্তানের জনগণের জন্য একটি অবিস্মরণীয় অবদান হবে।”
তুরস্কের মারিফ ফাউন্ডেশন বিশ্বের ৬৪টি দেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ফাউন্ডেশনটি জানিয়েছে, ২০২৭ সালে আফগানিস্তানের খোস্তে একটি নতুন স্কুল এবং কাবুলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি অনুষদ চালু করবে।
সূত্র : টোলো নিউজ











