spot_img
spot_img

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও অপমান করার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, দুর্বলতা সংশোধন না করে প্রতিবাদী কণ্ঠকে দমন করা হলেও আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রী ও প্রবাসফেরতদের দীর্ঘদিনের দুর্ভোগ, ভোগান্তি ও নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কার্যত ভুক্তভোগী মানুষের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছিলেন।

তিনি বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জামায়াত আমির আরও বলেন, জনগণ অন্ধ নয়। তারা সবকিছু দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ