spot_img
spot_img

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৭ বছর। একই সময়ে ভারতীয়দের গড় আয়ু ছিল ৭১ বছর এবং পাকিস্তানিদের ৬৮ দশমিক ২ বছর।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য হিসাব প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

হিসাব অনুযায়ী, আমেরিকার মানুষের গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডার ৮১ দশমিক ৪ বছর। তবে বেশি বছর বেঁচে থাকা মানেই বেশি বছর সুস্থভাবে বেঁচে থাকা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২০২৩ সালে বিশ্বে সুস্থভাবে বেঁচে থাকার গড় সময় ছিল ৬২ দশমিক ৮ বছর। যা ২০১৯ সালের তুলনায় শূন্য দশমিক ৪ বছর কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে। ২০১৯ সালে এই হার ছিল ৭৩ দশমিক ৪ বছর। তবে ২০২১ সালে মহামারির প্রভাবে বৈশ্বিক গড় আয়ু কমে ৭১ দশমিক ৫ বছরে নেমে এসেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা, ডিজিটাল হেলথ, অ্যানালিটিকস অ্যান্ড এআই বিভাগের পরিচালক ড. অ্যালাইন ল্যাব্রিক বলেছেন, দীর্ঘদিন বেঁচে থাকা জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় অর্জন। তবে পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন অতিরিক্ত বছরগুলো সুস্থভাবে বাঁচতে পারে এবং পরিবর্তিত জনস্বাস্থ্য চাহিদা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাগুলো প্রস্তুত থাকে।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

spot_img
spot_img
spot_img

সর্বশেষ