ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তাঁর স্থলে রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, পাকনেজাদ অনেক আগেই ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
ওপেকভুক্ত দেশ ইরানের জ্বালানিমন্ত্রী হিসেবে ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন মহসেন পাকনেজাদ। ইরান ও আমেরিকার মধ্যে সাত মাস ধরে চলা সংঘাতের কারণে দেশটির অর্থনীতি চাপের মুখে থাকা অবস্থায় তাঁর পদত্যাগের ঘটনা ঘটল।
পদত্যাগের খবর প্রকাশের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে পাকনেজাদ বলেন, “আমরা যে তেল বিক্রি করেছি তার রাজস্ব এখনো আসছে এবং ইনশাআল্লাহ তা অব্যাহত থাকবে।”
সূত্র: রয়টার্স, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম











