দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, শিক্ষা নিয়ে কোনো ধরনের হেলাফেলা বা ছেলেখেলা করার সুযোগ নেই। একটি দেশকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।
মঙ্গলবার (৬ অক্টোবর) নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, মানুষ মনে করে আধুনিক অস্ত্র ও গোলাবারুদের কারণে আমেরিকা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তবে বাস্তবে দেশটির প্রকৃত শক্তি হচ্ছে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।
তিনি বলেন, তরুণ সমাজকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন দায়িত্ব শিক্ষকদের নিতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।











