spot_img
spot_img

ঢাকা দক্ষিণ সিটিতে লোক দেখানো নয়, টেকসই উন্নয়নের ভিত্তি গড়তে চাই: শেখ ফজলুল করীম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে লোক দেখানো উন্নয়নের পরিবর্তে টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলাকে মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ।

মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, স্বাধীনতার পর থেকে যারা ঢাকা সিটি করপোরেশনে দায়িত্ব নিয়েছেন তারা নির্ধারিত বাজেটের অর্থ জনগণের জন্য খরচ না করে নিজেদের পকেট ভারী করেছেন। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর দক্ষিণ সিটির নাগরিকদের দুঃখ-দুর্দশা দূর করতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ, ডায়রিয়া, জলাবদ্ধতা, যানজট, ছিনতাই ও রাহাজানিসহ বিভিন্ন সমস্যার কারণে নগরজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিনিধিরা লোক দেখানোর জন্য রুপার ওপর স্বর্ণের প্রলেপ লাগিয়ে সেটিকে স্বর্ণের জিনিস হিসেবে দাবি করছেন। পুরো ঢাকা দক্ষিণ অপরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটিতে লোক দেখানো নয়, বরং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তোলার কাজ করাই হবে মূল লক্ষ্য।

সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, নাগরিকদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তাদের কাছে মনে হয়েছে, বিগত দিনের মতো বর্তমান কর্তৃপক্ষেরও সদিচ্ছার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, এভাবে চলতে থাকলে নগরবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ