spot_img
spot_img

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের আবহা ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।

বুধবার (৭ অক্টোবর) দেশটির আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক সুদানি নাগরিক নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

ইয়েমেনের হুথিরা হামলার দায় স্বীকার করেছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের একাধিক সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

হামলার পর সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে কিছু সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয়। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের উত্তরাঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ