spot_img
spot_img

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২

কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা রোধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের আনাগোনা রয়েছে এমন স্থান এবং অপরাধপ্রবণ এলাকায় পুলিশের একাধিক ইউনিট অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, অভিযানে ২৫২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেদিকেও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক গ্যাংয়ের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ