অর্থনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং সীমান্তপথে ট্রানজিট সহজ করার বিষয়ে ইরানের ইসলামি পরামর্শক পরিষদের সদস্য মুহাম্মদ মোহসেন জাঙ্গানেহর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত, ফারাহ ও নিমরোজ প্রদেশের গভর্নররা।
হেরাত প্রদেশের গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেরাতের গভর্নর শেখ মাওলবি নূর আহমদ ইসলামজার জাঙ্গানেহর নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফারাহর গভর্নর মোল্লা মুহাম্মদ হাফিজ মুজাহিদ এবং নিমরোজের গভর্নর মাওলবি আবদুল মানান মাহমুদও উপস্থিত ছিলেন।
বৈঠকে ইসলামজার বলেন, অর্থনৈতিক, শিল্প ও বাণিজ্যিক খাতে আফগানিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পের কাজও চলমান রয়েছে।
তিনি মাদক চাষ ও পাচার বন্ধে আফগানিস্তানের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ ক্ষেত্রেও আফগানিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ইসলামজার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর সীমান্তপথ দিয়ে বাণিজ্য ও ট্রানজিট সম্প্রসারণে আরও বেশি মনোযোগ দিতে ইরানি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এসব পথে বাণিজ্যিক কার্যক্রম বাড়লে উভয় দেশের অর্থনীতি উপকৃত হবে।
বাণিজ্য ও ট্রানজিট সহজ করতে ইসলাম কেলা, আবু নসর ফারাহি ও নিমরোজ সীমান্তপথ ২৪ ঘণ্টা চালু রাখতে আফগানিস্তান প্রস্তুত রয়েছে বলেও জানান হেরাতের গভর্নর।
এদিকে জাঙ্গানেহ আফগান জনগণের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত পাঁচ বছরে আফগানিস্তান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও ট্রানজিট সম্পর্ক আরও জোরদারে ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাঙ্গানেহ। হেরাত, ফারাহ ও নিমরোজের সীমান্তপথ দিয়ে ট্রানজিট বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
সূত্র : পাজওয়াক আফগান নিউজ











