প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, রেমিট্যান্স দেশের কোটি পরিবারের জীবন-জীবিকা ও জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে রেমিট্যান্স বন্ধের হুমকি দেওয়া দেশের মানুষকে ক্ষুধার্ত রাখা এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত করার শামিল।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ, সমালোচনা কিংবা সংবাদ সম্মেলন করার গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। তবে দায়িত্ব পালনরত কর্মকর্তা বা অন্য কাউকে আক্রমণ করা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ব্যক্তির অপরাধকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কর্মসূচি দেওয়া উচিত নয়।
সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের নাকি বিরোধী দল? একজন ব্যক্তির অপরাধের মাত্রা বিবেচনা না করে চট করে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। এখন বলা হচ্ছে, ‘রেমিট্যান্স শাটডাউন’ করে দিন। কীভাবে করবেন? বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী। তাঁদের মধ্যে অনেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। তাহলে কোন ক্ষমতাবলে আপনারা রেমিট্যান্স বন্ধ করবেন?
তিনি আরও বলেন, প্রবাসীরা তাঁদের পরিবারের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠান। দেশের অসংখ্য পরিবার এই অর্থের অপেক্ষায় থাকে। রেমিট্যান্স বন্ধের হুমকি দেওয়ার অর্থ এসব পরিবারের জীবন-জীবিকাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া এবং জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা।











