শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিতে ভারতের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস। তিনি অভিযোগ করেছেন, ভারতজুড়ে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাষ্ট্র নিজ নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে।
রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৌরভ দাস বলেন, মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ ও ভয় দেখানোর অভিযোগ রয়েছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাওয়া নাগরিকদের কণ্ঠরোধের চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ করেন তিনি।
সৌরভ বলেন, “তারা ২৪ ঘণ্টা আমাদের ফোন নিজেদের কাছে রেখেছিল। আমাদের আশঙ্কা, তারা ফোন হ্যাক ও ক্লোন করেছে এবং (ভুয়া) প্রমাণ ঢুকিয়ে দিয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শনিবার পুলিশ বিমান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। তার দাবি, শুধুমাত্র একজন ব্যক্তিকে রক্ষা করতেই তাদের এভাবে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সমাজমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ লেখেন, “মোদি-শাহ দিল্লিকে দুর্গে পরিণত করেছেন এবং নিজেদের দেশের নাগরিকদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, জ্ঞানেশ কুমারই এই সরকারের টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন।”











