spot_img
spot_img

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন: শামা ওবায়েদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদেশি রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত এবং চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা কিং খালিদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, নিহত ব্যক্তিরা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা এবং দেশে তাদের পরিবার কোথায়, এসব তথ্য জানার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগে হুথিদের হামলায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। এবার দুই বাংলাদেশি প্রাণ হারালেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতে এরই মধ্যে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছে দেশ। তিনি আশা প্রকাশ করেন, এ বিপর্যয় ও হামলা বন্ধ হবে। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময় বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা ও দেখভালকে সরকারের প্রথম অগ্রাধিকার হিসেবে বিবেচনার কথা বলেছেন। সেই অনুযায়ী সৌদি আরবে বাংলাদেশের মিশন সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি বাংলাদেশিরা যাতে যথাসম্ভব নিরাপদে থাকতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

হামলার পর রিয়াদগামী ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানান শামা ওবায়েদ। ওই সময় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ছিল কি না বা কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে।

নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে। এ বিষয়ে সৌদি সরকার এবং বাংলাদেশিদের যেসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান রয়েছে, সেসব প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ