spot_img
spot_img

আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে ৪০ কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ সমঝোতা স্মারক আফগানিস্তানের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রায় ৪০ কোটি ডলার মূল্যের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে স্বাক্ষর করেছে বলে জানিয়েছে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (এসিসিআই)। এসব সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাণিজ্য বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আফগানিস্তান ও অংশীদার দেশগুলোর ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কাবুলে অনুষ্ঠিত পঞ্চম ইমাম আবু হানিফা জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীর প্রান্তে আয়োজিত একটি ব্যবসায়িক বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে আফগান ব্যবসায়ী প্রতিনিধি, বিদেশি বিনিয়োগকারী ও কূটনৈতিক কর্মকর্তারা অংশ নেন। উজবেকিস্তান, ভারত, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। এসব আলোচনার লক্ষ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক বাজারগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।

এসিসিআই জানিয়েছে, বৈঠকে আফগানিস্তানের কৌশলগত ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ, কৃষির সম্ভাবনা, শিল্প সক্ষমতা ও দেশীয় পণ্যকে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে।

চেম্বারের বিনিয়োগ বিষয়ক উপপ্রধান জুলগি আরিন আজিমি প্রদর্শনী ও ব্যবসায়িক বৈঠকগুলোকে পারস্পরিক আস্থা গড়ে তোলা, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আফগানিস্তানের বিনিয়োগের সুযোগগুলো খতিয়ে দেখতে উৎসাহিত করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

উজবেকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপচেয়ারম্যান শেরজাদ ইব্রাহিমভ আগে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়ন এবং বাণিজ্যের ক্ষেত্রে কারিগরি ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্যবসায়ী ও কোম্পানিগুলোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে আফগান ও বিদেশি কোম্পানিগুলো সম্ভাব্য যৌথ বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্ব নিয়ে আলোচনা করার সুযোগ পায়।

এসিসিআই জানিয়েছে, নতুন স্বাক্ষরিত এসব চুক্তি বাণিজ্য বাড়াতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং আফগানিস্তান ও অংশীদার দেশগুলোর ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করতে পারে। তবে চুক্তিগুলো কোন কোন খাতকে অন্তর্ভুক্ত করেছে এবং সেগুলো বাস্তবায়নের সময়সীমা কী, সে বিষয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি।

আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী এবং ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে আফগানিস্তান। এরই ধারাবাহিকতায় এসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ