বাংলাদেশ যখন কূটনৈতিকভাবে সাফল্য অর্জন করছে, মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান এমপি।
তিনি বলেন, গুপ্ত ও ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে এবং সেই ভোটাধিকার কোনোভাবেই হারাতে দেওয়া হবে না।
রোববার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, শহীদ জেহাদের রক্তের বিনিময়ে দেশ যে গণতন্ত্র ফিরে পেয়েছিল, সেই অর্জন ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জেহাদ রক্ত দিয়েছেন। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের পরও গত ১৭ বছরে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে আবারও আন্দোলন করতে হয়েছে। লন্ডন থেকে তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়ে এক দফায় নিয়ে এসেছিলেন।
তিনি আরও বলেন, এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেকে গুম হয়েছেন, হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আবু সাঈদসহ অনেকে প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জনগণ তারেক রহমানকে বেছে নিয়েছে।
কবর জিয়ারত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন আলম, সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।











