সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজারের বেশি যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব ফ্লাইট বাতিলের কারণে বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বেবিচক জানায়, বাতিল হওয়া ৬১টি ফ্লাইটের যাত্রীসংখ্যার হিসাবে রিয়াদ এয়ারের যাত্রীরা অন্তর্ভুক্ত নন। কারণ, এয়ারলাইনসটি এখনো যাত্রীসংখ্যা জানায়নি। তথ্য পাওয়ার পর যাত্রীর সংখ্যা হালনাগাদ করা হবে।
বাতিল হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, রিয়াদ এয়ারের ৭টি, সৌদিয়ার ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাই দুবাইয়ের পাঁচটি করে, সালাম এয়ারের তিনটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এর আগে বেবিচক জানিয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সর্বশেষ হিসাবে বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইট এবং ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা আরও বেড়েছে।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন এয়ারলাইনস সৌদিগামী ফ্লাইট চলাচল স্থগিত ও বাতিল করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।











