spot_img
spot_img

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা তুরস্কের

সৌদি আরবের রিয়াদের প্রধান বিমানবন্দরে হুথিদের হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। হামলায় ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। সৌদি আরবের প্রতি তুরস্কের সংহতি প্রকাশ করে এরদোগান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি আঙ্কারার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

একইসঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি শিগগিরই অভ্যন্তরীণ অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে বক্তব্য দেন এরদোগান। তিনি সৌদি আরবের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, “অবৈধ ও অমানবিক” হামলার মুখে তুরস্ক সৌদি জনগণের পাশে রয়েছে।

হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এরদোগান। নিহতদের মধ্যে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করা হাজ্বীরাও ছিলেন। হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। একইসঙ্গে সৌদি রাজধানীতে সংঘটিত এই সহিংসতার মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন।

আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করে এরদোগান বলেন, পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় তুরস্ক। দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে “আঞ্চলিক মালিকানার” ভিত্তিতে বলেও জোর দেন তিনি।

এর মাধ্যমে আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে সমাধানের বিষয়ে তুরস্কের অবস্থান প্রতিফলিত হয়।

এরদোগান আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি তুরস্কের পার্লামেন্টে উপস্থাপনের প্রস্তুতি চলছে। আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি তুরস্কে অভ্যন্তরীণ অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

এর মাধ্যমে তিন দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে।

সূত্র : ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ