spot_img
spot_img

আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ওআইসির

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফী ও স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত ড. তারিক আলী বাখিত। বৈঠকগুলোতে আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য খাত, নিরাপত্তা পরিস্থিতি, মাদক পাচার প্রতিরোধ এবং সাবেক আফিমচাষিদের বিকল্প জীবিকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) কাবুলে ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফীর সঙ্গে বৈঠক করেন ড. তারিক আলী বাখিত।

বৈঠকে তিনি আফগানিস্তানে মানবিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ওআইসির সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক পাচার মোকাবিলা এবং আগে আফিম চাষের সঙ্গে যুক্ত কৃষকদের জন্য বিকল্প জীবিকার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

ড. বাখিত জানান, ওআইসির সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর আলোকে আফগান জনগণের কল্যাণে গঠনমূলক সম্পৃক্ততা ও সহযোগিতা অব্যাহত রাখতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।

এর একদিন পর সোমবার (১২ অক্টোবর) কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানীর সঙ্গেও বৈঠক করেন ওআইসির বিশেষ দূত।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত ওই বৈঠকে খলিফা সিরাজুদ্দিন হক্কানী আফগান জনগণের জন্য গুরুত্বপূর্ণ খাতগুলোতে ওআইসির মানবিক ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।

অন্যদিকে ড. তারিক আলী বাখিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তানের প্রতি সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ওআইসি মহাসচিবের বিশেষ দূতের চলমান আফগানিস্তান সফরের অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : ওআইসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ