স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিভিন্ন জায়গায় তার দলের নেতাকর্মীরা হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন।
ইশরাক হোসেনের প্রসঙ্গে তিনি বলেন, ইশরাক ভাই নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। তার ভালো উদ্দেশ্য ছিল মাদকের বিস্তার বন্ধ করা। স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজনকে সেই পাপের ভোগান্তি পোহাতে হয়। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন থেকে চার মাসে বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। তাদের ক্ষোভ ও কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন পাটওয়ারী।
মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট না পান বা আহত বোধ না করেন।
এ বিষয়ে কথা বলার কারণে তাকে যেন ‘শাহবাগী’ বা ‘হিন্দুদের নতুন সংস্করণ’ বলে আখ্যা দেওয়া না হয়, সেই আহ্বানও জানান তিনি। ভুল বোঝাবুঝি দূর করতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের উদ্বেগ ও অভিযোগ শোনারও আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।











