spot_img
spot_img

আফগানিস্তান-ইন্দোনেশিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে যৌথ কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে ইন্দোনেশিয়ার একটি বাণিজ্যিক প্রতিনিধিদলকে আফগানিস্তান সফরের আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (এসিসিআই) জানায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চেম্বারের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপপ্রধান হাবিবুল্লাহ ওমরের সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হাবিবুল্লাহ ওমর বলেন, খনিজ, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প এবং অন্যান্য উৎপাদনশীল খাতে আফগানিস্তানে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে।

তিনি বলেন, যৌথ উদ্যোগের মাধ্যমে ইন্দোনেশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারেন।

তিনি আরও বেশি যৌথ বাণিজ্য মেলা ও যৌথ অর্থনৈতিক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান। একইসঙ্গে দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে একটি যৌথ কার্যকরী কমিটি গঠন এবং বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে ইন্দোনেশিয়ার একটি বাণিজ্যিক প্রতিনিধিদলকে আফগানিস্তান সফরের আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের যাতায়াত সহজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ওমর। বিশেষ করে ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার আহ্বান জানান তিনি।

ইন্দোনেশিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসব প্রস্তাবকে স্বাগত জানান। তারা বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ অনুসন্ধান, বাণিজ্যিক প্রতিনিধিদলের সফর সহজ করা এবং যৌথ কর্মসূচি আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: পাজভোক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ