স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্পত্তি দখল করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের জে এম সেন হলের পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা কারও ভোটব্যাংক হবেন না। আপনারা বাংলাদেশেরই নাগরিক। এই দেশের স্বাধীন সব অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং অন্যান্য আইনি অধিকার আপনারাও অন্য নাগরিকদের মতো ভোগ করবেন।’
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন তারা চান না। রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান। সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংস্কৃতি ও উপাসনালয়ের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।’
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। কোথাও কোনো ধর্মের মানুষের সংখ্যা বেশি, কোথাও কম। কিন্তু বাংলাদেশে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান না। সবার পরিচয় বাংলাদেশি নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রেও সনাতন ধর্মাবলম্বীদের নিজস্ব পরিচয়কে সম্মান করা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি ‘হিন্দু ধর্মাবলম্বী’র পরিবর্তে ‘সনাতন ধর্মাবলম্বী’ ও ‘বৈদিক’ পরিচয়ের কথা উল্লেখ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ একসঙ্গে রক্ত দিয়েছেন। একইভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও বিভিন্ন ধর্মের মানুষ অংশ নিয়েছেন।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিকের অধিকার সমান থাকবে এবং ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে হবে না।
সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ১৯৭২ সালের পর থেকে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন স্থানে তাদের সম্পত্তি দখল করা হয়েছে। এ বিষয়ে তিনি অতীতের শাসকদের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘দুঃখ লাগে, আপনারা স্পষ্টভাবে সেই কথাগুলো বলেন না।’ অতীতে যাদের সম্পত্তি দখল হয়েছে, তাদের এ বিষয়ে কথা বলা এবং অধিকার আদায়ের দাবি তোলার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির জন্মের আগে ১৯৭২ ও ১৯৭৩ সালে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর দায় বিএনপির ওপর বর্তায় না। পরবর্তী সময়ে আওয়ামী লীগের শাসনামলেও সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সরকারের সম্পর্ক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে গড়ে তুলতে চায় বিএনপি। তাদের ধর্মীয় স্বাধীনতা, উপাসনালয়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন। সরকারের পরিকল্পনা শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবেও তা কার্যকর করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের সব ধর্মের মানুষের আস্থা অর্জন করেছেন বলেই তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়তে চান। এ সময় তিনি উপস্থিত পূজারি, ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।











