spot_img
spot_img

জুলাই বিএনপি ধারণ করে, জামায়াত-এনসিপি তা বিক্রি করে: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, জুলাই বিএনপি ধারণ করে, আর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা বিক্রি করে। বিএনপি জুলাইকে ধারণ করে, কিন্তু কখনো তা বিক্রি করে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, ‘জামায়াতের আমীর বলেছিলেন, রাখ তোদের ফ্যামিলি কার্ড। আর এখন ফ্যামিলি কার্ডের জন্য জামায়াতের প্রতিটি এমপি পাগল হয়ে গেছে। কে আগে ফ্যামিলি কার্ড নেবে, সেই প্রতিযোগিতা চলছে। যারা মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না, যাদের কথার সঙ্গে কাজের মিল নেই, তাদের কাছ থেকে সাবধান থাকবেন।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছে। জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় এসেছে। জনগণের ইচ্ছায় বাংলাদেশে বিএনপি থাকবে। তাদের ভালোবাসায় তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের পরওয়ারদের কথায় কিছু যায় আসে না। কে আসবে বাংলাদেশের মাটিতে, কে যাবে, কে ক্ষমতায় থাকবে, তার মালিক জনগণ। বিএনপি সেটাই বিশ্বাস করে।’

পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ অনেকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ