ভাষাসৈনিক অলি আহাদের মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসেন না বলে মন্তব্য করেছেন তাঁর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, এমন একজন মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজ বাসভবনের সামনে অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের রাজনীতি আজ যে জায়গায় পৌঁছেছে, এর পেছনে আমরা সবাই দায়ী। এ সময় তিনি তাঁর বাবা অলি আহাদের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষাসৈনিক অলি আহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও বড় মাপের নেতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদ।











