প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী আবু বকর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর আবু বকরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এর বাইরে বিস্তারিত তথ্য জানাতে চাননি তিনি।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বিশেষ বিমান। পরে বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন তিনি। এ সময় সড়কের দুই পাশে থাকা মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী।
এরপর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সফরে ব্যবহৃত রুয়েটের বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিও যুক্ত করা হয়।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’
মন্তব্যটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। রাজশাহী মহানগর বিএনপির নেতারা মন্তব্যটির উদ্দেশ্য ও প্রেক্ষাপট তদন্ত করে দেখার দাবি জানান।
রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আলী আশরাফ মাসুম বলেন, ফেসবুকে এ ধরনের মন্তব্য দেখে তারাও উদ্বিগ্ন হয়েছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্তব্যটি তার প্রতি হুমকির ইঙ্গিত বহন করে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান এর আগে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে ফেসবুকে করা মন্তব্যটি অত্যন্ত উদ্বেগজনক, অপরাধমূলক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে মন্তব্যকারীকে শনাক্ত করার কথা জানায় পুলিশ।
বৃহস্পতিবার আবু বকর সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে মন্তব্যটির উদ্দেশ্য এবং এর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।











