spot_img
spot_img

প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশকে ‘এযাবৎকালের সেরা পরামর্শ’ বললেন ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করাকে এযাবৎকালের সেরা পরামর্শ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছিলেন। তিনি একবাক্যে সেই নির্দেশ মেনে নিয়েছিলেন। প্রথমে বিষয়টিকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী সবার আগে বুঝতে পেরেছিলেন যে একটি গণমাধ্যম ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার জন্য ক্ষতিকর একটি পরিকল্পনা সাজিয়ে রেখেছিল।

ইশরাক বলেন, ওই পরিকল্পনার অংশ হিসেবে একের পর এক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার চরিত্র হনন এবং তাকে জনগণের তীব্র সমালোচনার মুখে ফেলার চেষ্টা করা হতো। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষী সিনিয়র নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি করে তাকে একঘরে করার পরিকল্পনাও ছিল। এমন পরিস্থিতি তৈরি করা হতো, যাতে তার রাজনৈতিক জীবনের ইতি ঘটতে পারত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একই চক্র অতীতে তার বিরুদ্ধে কী ভয়াবহ অন্যায় পরিকল্পনা করেছিল, প্রধানমন্ত্রী তাকে সেটিও মনে করিয়ে দিয়েছিলেন।

তারেক রহমানের প্রতি নিজের আস্থার কথা জানিয়ে ইশরাক লেখেন, প্রধানমন্ত্রী তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সবসময় তার জন্য কোনটি ভালো, তা নিয়ে চিন্তা করেন। জীবনে বারবার তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন।

ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে গিয়েছিলেন। সেখান থেকে সূত্রপাত হওয়া একটি ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে রক্ষা করতে পেরেছেন।

এর আগে গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ইশরাক হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ