সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়। তারা হলো, সিলেটের বিয়ানীবাজার উপজেলার শহীদুল ইসলামের এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ আল সাফওয়ান, কোম্পানীগঞ্জের মকবুল হোসাইনের ৯ মাস বয়সী ছেলে জিসান আহমদ এবং হবিগঞ্জ সদর উপজেলার মিজানুর রহমানের ৩ মাস ২৪ দিন বয়সী ছেলে জায়ান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও এর উপসর্গে সিলেট জেলায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৬ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে।











