জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, জুলাই-আগস্ট নিয়ে যারা নিয়মিত রাজনীতি ও বক্তব্য করেন, আমন্ত্রণ পাওয়ার পরও অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তারা ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, গত ১৯ অক্টোবর রাজধানীর ওসমানী উদ্যানে সরকারের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমমনা, সহযোগী ও জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রণপত্র পাঠানোর পাশাপাশি সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম টেলিফোনেও সংশ্লিষ্ট নেতাদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবাসহ চার শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে দীর্ঘ ১০ বছর পর আধুনিকায়িত ওসমানী উদ্যানও উদ্বোধন করা হয়। স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম সংরক্ষিত রয়েছে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় অনুষ্ঠানে যোগ না দেওয়ার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা সঠিক নয়।
তিনি বলেন, প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নামও আমন্ত্রণপত্রে ছিল না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী তাদের মঞ্চে ডেকে নিয়েছিলেন। বিরোধী দলের নেতারা আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিদেরও মঞ্চে ডেকে নিতেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে। সংঘাতের পথ ছেড়ে কমিটিতে সম্পৃক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নে অংশ নিতে এবং দ্রুত পাঁচজন প্রতিনিধির নাম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।











