আঞ্চলিক সংঘাত এবং সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আজ ইস্তাম্বুলে বৈঠকে বসবেন তুরস্ক, মিসর, পাকিস্তান, সৌদি আরব, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা।
তুরস্কের এক কূটনৈতিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, তুরস্কের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সাত দেশ প্রথমবারের মতো এমন একটি কাঠামোয় একসঙ্গে বৈঠকে বসছে।
বৈঠকে ফিলিস্তিন-ইসরাইল ইস্যু, হরমুজ প্রণালীর সর্বশেষ পরিস্থিতি, ইয়েমেনের অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে চলমান প্রচেষ্টা এবং আঞ্চলিক ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসানে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও বাব আল-মানদাব প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্বও তুলে ধরবেন তিনি।
তুরস্কের ওই কূটনৈতিক কর্মকর্তা আরও জানিয়েছেন, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ইয়েমেনের হুথি আন্দোলনের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করবেন ফিদান।
সূত্রটি জানিয়েছে, ফিদান তার সমকক্ষ পররাষ্ট্রমন্ত্রীদের আরও বলবেন যে, কৃষ্ণসাগর পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে তুরস্ক কাজ করেছে। একই সঙ্গে এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তার জন্য যে ঝুঁকি তৈরি করেছে, সেটিও তুলে ধরবেন তিনি।
সূত্র : রয়টার্স, আরিয়ানা নিউজ











