রাশিয়া-ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় থেকে আফ্রিকায় মধ্যস্থতার প্রচেষ্টা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে শান্তির পথ তৈরিতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
শুক্রবার (২৩ অক্টোবর) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ৯ম মধ্যস্থতা সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, সবচেয়ে কঠিন সংঘাতের মধ্যেও কূটনীতির সুযোগ রয়েছে।
এরদোগান বলেন, “সবচেয়ে কঠিন বিরোধের মধ্যেও কূটনীতির জন্য সবসময় একটি দরজা খোলা থাকে।” তিনি বলেন, সেই দরজা খোলা রাখার জন্য “ইচ্ছা, সাহস ও আন্তরিকতা” প্রদর্শন করাই মূল বিষয়।
বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি, উত্তেজনা তীব্র হওয়া এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা কমে যাওয়ার পরও তুরস্ক কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে জানান এরদোগান।
এ সময় তিনি আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামোরও সমালোচনা করেন, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামোর।
তিনি বলেন, “১৯০টিরও বেশি দেশের ইচ্ছা যদি পাঁচটি দেশের বিবেচনার ওপর নির্ভর করে, তাহলে এমন কাঠামো ন্যায়সংগত নয় এবং এটি মানুষের আস্থা পুরোপুরি পুনরুদ্ধার করতেও সক্ষম নয়।”
তিনি আরও করেন, ফিলিস্তিন, লেবানন, সুদান এবং অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলের লাখ লাখ মানুষ জাতিসংঘের কর্মকাণ্ডে গভীরভাবে হতাশ হয়েছেন।
সংঘাতরত পক্ষগুলোকে একত্রিত করা, ন্যায্য সমাধানে মধ্যস্থতা করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এরদোগান।
সূত্র : আনাদোলু এজেন্সি











