spot_img
spot_img

বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, নিহত এসআই

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে সজোরে ধাক্কা লেগে মো. গোলাম রব্বানী নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য আরোহীরাও আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকামুখী লেনে শেরপুর উপজেলার ছোনকা ওভারপাসের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় কালিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানীকে বহনকারী প্রাইভেট কারটি ছোনকা ওভারপাসের সংযোগস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পেছনের আসনে থাকা গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

শেরপুর থানার এসআই জাহিদ জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে থাকা নিহতের পুলিশের দাপ্তরিক পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকে। নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ