বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “আমাদের কাজের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় পরিবারের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। মানুষকে ধর্ম ও দলের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।”
শনিবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আয়োজিত উপজেলা ও পৌরসভা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা বৈঠকে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ব্যক্তি পরিবর্তন হলে পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, আর সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। আমরা চাই, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। এ জন্য নিজেদের সাধারণ জীবনযাপনের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। দেশ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যে নিজেদের বিলিয়ে দিতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথ সুগম হবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী ও জেলা সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা কামাল উদ্দিন জাফরি, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা ইব্রাহিম, মুহাম্মদ বেলাল হোসাইন, খাইরুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ জহিরুল ইসলাম প্রমুখ।











