spot_img
spot_img

আফগানিস্তানে আফিম চাষ চারগুণ বাড়ার জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান ইমারাতে ইসলামিয়ার

২০২৬ সালে আফগানিস্তানে আফিমের পপি চাষ চারগুণেরও বেশি বেড়েছে বলে জাতিসংঘের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, প্রতিবেদনের তথ্য তাদের সরকারি পরিসংখ্যান ও মাঠপর্যায়ের তথ্য-প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক।

আফগান মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা আবদুল মতিন কানী বলেন, জাতিসংঘের প্রতিবেদনে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরা হয়নি। একই সঙ্গে মাদক উৎপাদনকারী ফসল নির্মূলে ইমারাতে ইসলামিয়ার নেওয়া উদ্যোগও প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (UNODC) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আফগানিস্তানে আফিমের পপি চাষের পরিমাণ আনুমানিক ৪৩ হাজার ৩০০ হেক্টরে পৌঁছেছে। ২০২৫ সালের তুলনায় এ পরিমাণ চারগুণেরও বেশি। একই সময়ে আফিম উৎপাদন প্রায় ৩০০ মেট্রিক টন থেকে বেড়ে আনুমানিক ১ হাজার ৫০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।

তবে এই উল্লেখযোগ্য বৃদ্ধির পরও আফিম চাষ ২০২১ সালের তুলনায় অনেক কম রয়েছে। ওই বছর প্রায় ১ লাখ ৭৭ হাজার হেক্টর জমিতে আফিমের পপি চাষ করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর ইমারাতে ইসলামিয়ার বাহিনী আফিম উৎপাদনকারী ফসল চাষ করা মাদকপ্রবণ প্রদেশগুলোর ২৬ হাজার হেক্টরেরও বেশি জমি পরিষ্কার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শুধু স্যাটেলাইটের ছবি ও অনুমানের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। এ ক্ষেত্রে মাদক নির্মূল অভিযান এবং মাঠপর্যায়ের তথ্য-প্রমাণও বিবেচনায় নেওয়া প্রয়োজন। চাষ ও উৎপাদনের পরিমাণ নির্ধারণে অনানুষ্ঠানিক তথ্য ব্যবহারের বিষয়েও মন্ত্রণালয় প্রশ্ন তুলেছে।

মন্ত্রণালয় UNODC-এর প্রতি আহ্বান জানিয়েছে, তাদের মূল্যায়নে যেন মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি সঠিকভাবে প্রতিফলিত হয়। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করাই যথেষ্ট নয় বলেও জোর দিয়েছে তারা।

মন্ত্রণালয় বলেছে, কৃষকদের সহায়তা, বিকল্প জীবিকার সুযোগ তৈরি, বৈধ কৃষি সম্প্রসারণ এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থাও এই সমস্যা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আফগানিস্তানের মাদকবিরোধী কার্যক্রমে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সঠিক মূল্যায়ন ও বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে সহায়তা করার কথা বলা হয়েছে।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ