spot_img
spot_img

ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্নে সাংবাদিকের ওপর চটে বললেন, ‘আপনি দেখতে জঘন্য’

নিজের স্বাস্থ্য ও নির্বাচনী সফর নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর চটে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্নের সরাসরি জবাব দেওয়ার পরিবর্তে সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন তিনি। একপর্যায়ে তাকে ‘জঘন্য’ বলে নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন ট্রাম্প।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদক জ্যাকব বোগেজ ট্রাম্পকে প্রথমে তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চান। এরপর কানসাসে নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের সঙ্গে টানা নির্বাচনী সফরে ক্লান্ত হয়ে পড়ার কোনো সম্পর্ক আছে কি না, জানতে চান তিনি।

প্রশ্ন শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি বলেন, আপনি এই প্রশ্ন করেই অসুস্থ। আপনি অসুস্থ। পরে সাংবাদিক নিজের পরিচয় রয়টার্সের প্রতিবেদক হিসেবে দিলে ট্রাম্প বলেন, আপনি একজন অসুস্থ ব্যক্তি। রয়টার্সও ভয়াবহ।

এরপর সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করেন ট্রাম্প। তিনি বলেন, এই লোকটিকে দেখুন। সে শারীরিকভাবে খুবই খারাপ অবস্থায় আছে। এ সময় সাংবাদিকের কথা বলার ভঙ্গিও নকল করেন তিনি।

সাংবাদিক ট্রাম্পের সুস্থতার বিষয়ে জানতে চাওয়ার বিষয়টি স্পষ্ট করার পরও তাকে আক্রমণ করতে থাকেন ট্রাম্প। তিনি বলেন, আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।

এর আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একদম ভালো আছেন। কানসাসে না যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া তার প্রয়োজন মনে হচ্ছে না। ওই রাজ্যের রিপাবলিকান সিনেটর রজার মার্শালের নির্বাচনী অবস্থাও ভালো বলে দাবি করেন তিনি।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ