spot_img
spot_img

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে ফের মিরপুরে পোশাকশ্রমিকদের অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে কর্মজীবী মানুষসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমেছেন। তারা সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা বলেন, পোশাকশ্রমিকেরা রোববারও সড়ক অবরোধ করেছেন। এর ফলে মিরপুর-১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথ বা ডাইভারশন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে পুলিশ।

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার (৩১ অক্টোবর) জানান, রোববার নতুন মজুরি বোর্ড গঠন করা হবে। শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবির মধ্যেই এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নেন তারা। পরে আন্দোলনের একপর্যায়ে মিরপুর ও আশপাশের এলাকায় কিছু কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

শনিবারের বিক্ষোভে মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ